ঝিকরগাছায় ভুয়া মুক্তিযোদ্ধা আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দোহাই দিয়ে মৃত, দুঃস্থ, অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে গ্রামবাসীর হাতে এক ভুয়া মুক্তিযোদ্ধা পাকড়াও হয়েছেন।

নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তি সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত. আকবার আলীর ছেলে।

খবর পেয়ে ঝিকরগাছার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাকে কায়েমকোলা থেকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে আসেন। সেখানে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ দিতে পারেননি সাইফুল ইসলাম নজরুল। পরে তাকে থানায় পাঠানো হয়েছে।

কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নজরুল বলেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাই করতে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের কোন চিঠি আছে কিনা জানতে চাইলে তিনি দেখাতে পারেননি।

কথিত ওই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারের কাছ থেকে ৩হাজার টাকা, দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মওতুল্লহর মেয়ে জাহানারা খাতুনের কাছ থেকে ২হাজার টাকা ও মরহুম আব্দুল কালেকের পরিবারের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন। তবে আটকের পর জাহানারার ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ওরফে নজরুল ঝিকরগাছা থানা হেফাজতে ছিলেন বলে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন ও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন।