সাংবাদিক মনির মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারকে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক মনিরুল ইসলাম মনির মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপার রওনক জাহানের স্মারকলিপি দিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন।

বুধবার বেলা ১১টার দিকে এসপি কার্যালয়ে গিয়ে তাকে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে শার্শা থানার ওসি আব্দুল আলিমকেও প্রত্যাহারের আবেদন জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম প্রমুখ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকালের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিকে কোনো প্রকার তদন্ত ছাড়াই একটি ষড়যন্ত্রমূলক মামলায় পুলিশ আটক করেছে।

এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে শার্শা থানার বর্তমান ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।