হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা, পাশাপাশি ৯ স্বজনের দাফন

0
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন। শোকাহত স্বজনদের আর্তনাদ আর হাজারো মানুষের উপস্থিতিতে বিদায় নিলেন ১৪ জন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে প্রাণ হারানো ১৪ জনের শেষ বিদায় সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে নিহত আবদুর রাজ্জাক সরদারের পরিবারের ৯ সদস্যের জানাজায় ঢল নামে হাজারো মানুষের। জানাজা শুরুর আগে যখন একে একে ৯টি খাটিয়া পাশাপাশি রাখা হয়, তখন উপস্থিত জনতা আর স্বজনদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

জানাজায় ইমামতি করেন মোংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন। এতে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে কান্নায় ভেঙে পড়া নিহত আবদুর রাজ্জাকের বড় ছেলে আশরাফুল আলম জনি বলেন, “বাবা, ভাই, বোন, স্ত্রী-সন্তান—সবাই চলে গেল, আমার আর কিছুই থাকল না।” ১৭ বছর ধরে কবরস্থানের দায়িত্ব পালন করা খাদেম মুজিবুর ফকির জানান, দীর্ঘ অভিজ্ঞতায় তিনি কখনো একই পরিবারের এত সদস্যের কবর পাশাপাশি খোঁড়েননি।

অন্যদিকে, একই দুর্ঘটনায় নিহত কনে মার্জিয়া আক্তার মিতু, তাঁর বোন ও দাদির জানাজা আজ সকালে খুলনার কয়রায় সম্পন্ন হয়েছে। রামপালে দাফন করা হয়েছে মাইক্রোবাস চালককে। উল্লেখ্য, গত বুধবার কয়রায় বিয়ের পর বৃহস্পতিবার দুপুরে বর-কনেসহ ১৪ জন মাইক্রোবাসে মোংলায় ফিরছিলেন। ফেরার পথেই রামপালের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ শিশুসহ ওই যানের সবাই প্রাণ হারান। এই ঘটনায় মহাসড়কে নৌবাহিনীর যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।