কানাডায় কুকুরের জন্য বিশেষ স্কুল; যাতায়াতে আছে নিজস্ব বাস সার্ভিস

0
কানাডায় মানুষের মতো কুকুররাও স্কুলে যায়। যাতায়াতের জন্য আছে বিশেষ বাস সার্ভিস।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মানুষের মতো প্রতিদিন সকালে ব্যাগে টিফিন গুছিয়ে না গেলেও, নিয়ম করে বাসে চড়ে স্কুলে যাচ্ছে কানাডার অনেক ভাগ্যবান কুকুর। উন্নত বিশ্বের এই দেশটিতে পোষা প্রাণীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গড়ে উঠেছে বিশেষায়িত স্কুল, যেখানে কুকুরদের জন্য রয়েছে নিবিড় যত্ন, প্রশিক্ষণ এবং বিনোদনের অনন্য সব ব্যবস্থা।

এসব স্কুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের নিজস্ব যাতায়াত ব্যবস্থা। নির্দিষ্ট সময়ে সুসজ্জিত বাস এসে প্রতিটি কুকুরকে তাদের বাড়ি থেকে সংগ্রহ করে এবং বাসে প্রত্যেকের জন্য নির্ধারিত আসনে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়া হয়। দিনভর প্রশিক্ষণ ও খেলাধুলা শেষে আবার তাদের পৌঁছে দেওয়া হয় যার যার ঘরে। মূলত তুষারপ্রধান দেশ হওয়ায় কানাডায় বছরের দীর্ঘ সময় বাইরে ঘোরাঘুরি করা সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে ইনডোর ডগ স্কুলগুলো কুকুরের শারীরিক ব্যায়াম ও মেজাজ চনমনে রাখতে বড় ভূমিকা রাখছে।

কুকুরের বয়স ও স্বভাব অনুযায়ী এখানে রয়েছে ভিন্ন ভিন্ন বিভাগ। ছোট কুকুরছানাদের জন্য ‘পাপি স্কুল’, আচরণগত সমস্যা দূর করতে ‘আচরণ সংশোধন স্কুল’ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য ‘সার্ভিস ডগ স্কুল’—প্রতিটি বিভাগেই দক্ষ প্রশিক্ষক কাজ করেন। এছাড়া বিলাসবহুল স্কুলগুলোতে কুকুরের জন্য স্পা এবং ‘দোগা’ বা কুকুর যোগব্যায়ামের মতো রাজকীয় ব্যবস্থাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মতান্ত্রিক রুটিন ও অন্য কুকুরের সঙ্গে মেলামেশার সুযোগ পোষা প্রাণীর ভয় ও একাকীত্ব দূর করে তাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে।