যশোরে ডিবির উদ্ধার করা প্যাকেটে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ গত বৃহস্পতিবার রাতে যশোরের মনিহার এলাকায় একটি পরিবহন থেকে উদ্ধার করা বস্তার মধ্যে ছিল উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার নাম এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড)।

এই দ্রব্য বহনকারী নারী শাপলা খাতুন স্বপ্না (২৮) প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে অস্বীকার করলেও পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন এগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরির কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এসআই অলক কুমার দে বলেছেন, বৃহস্পতিবার রাতে তিনি গোপন সূত্রে সংবাদ পান সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি একটি টিম নিয়ে সেখানে যান এবং পরিবহনের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট দেখতে পান। সেই সাথে আটক করা হয় বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে।

পুলিশ ওই প্যাকেট দেখতে পেয়ে তার মধ্যে কী জাতীয় দ্রব্য আছে তা প্রথমে অনুমান করতে পারেনি। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও কিছু বলতে পারেননি। বস্তাসহ তাকে রাতেই নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

তিনি আরও বলেছেন, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোনো তথ্য না পেয়ে ডিবি পুলিশ সিদ্ধান্ত নেয় ওই দ্রব্যগুলোর ল্যাব টেস্ট করা হবে। রাতে আরও জিজ্ঞাসাবাদ করা হলে ওই নারী স্বীকার করেন দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল; যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) আছে।

স্বপ্না জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামালগুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দেওয়ার কথা বলে।

বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় বলে তিনি জানিয়েছেন। মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরির কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামক উচ্চমাত্রার নেশাজাতীয় পণ্য তৈরি হয়ে থাকে। সেখান থেকে সারা দেশে ওই ক্রিস্টাল আইস সরবরাহ হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এসআই অলক কুমার দে আরও বলেছেন, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। স্বপ্নাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর আজমল হোসেন লাল্টুকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।