মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

0
মোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের তথ্যে বিশাল পুরস্কার ঘোষণা আমেরিকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং দেশটির প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’-এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। তথ্য প্রদানকারীর জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কারের পাশাপাশি বিশেষ পুনর্বাসনের সুযোগ রাখার কথা জানিয়েছে দেশটি।

মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের পরিচালিত এই প্রকল্পে বলা হয়েছে, মোজতবা খামেনিসহ তালিকাভুক্ত আইআরজিসি নেতারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন বিবৃতিতে মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করে বলা হয়েছে, আইআরজিসির গুরুত্বপূর্ণ নেতাদের গতিবিধি বা কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদানকারীকে বিশাল আর্থিক পুরস্কারের পাশাপাশি নিরাপদ আশ্রয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া হতে পারে।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতার আসনে আসীন হওয়ার পর থেকেই মোজতবা খামেনিকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, বিশ্বব্যাপী আইআরজিসির নেটওয়ার্ক দুর্বল করতেই যুক্তরাষ্ট্র এই হার্ডলাইন অবস্থান গ্রহণ করেছে।