বেনাপোল সীমান্ত থেকে জেলা ছাত্রলীগ নেতা আটক

0

বেনাপোল সংবাদদাতা ।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের এক নেতাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ইমরান গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলা এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময়কার ভিডিও ফুটেজেও তার উপস্থিতি দেখা গেছে বলে দাবি করেন তাঁরা।

স্থানীয়রা জানান,  শুক্রবার রাতে বেনাপোলের ভবেরবেড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এমএম কলেজের কয়েকজন শিক্ষার্থী তাঁকে চিনে ফেললে এলাকাবাসী ও বিএনপি কর্মীরা জড়ো হয়ে তাকে আটকে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ধারনা করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সে সীমান্তে অবস্থান করছিল।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ‘ইমরানকে আটক করা হয়েছে। তাকে যশোর কোতোয়ালি থানার থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।’