কালীগঞ্জে সড়কের জন্যে অধিগ্রহণ করা জমির মালিকরা টাকা পাননি

0

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহ- যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণ করা হলেও জমির মূল্য বুঝে না পাওয়ায় মানববন্ধন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জমির মালিকরা। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার মল্লিকনগরে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল ইসলাম বলেন, ২০২১ সালে আমাদের জমি অধিগ্রহণ করা হলেও এখানো আমরা একটি টাকাও পাইনি। অথচ রাস্তার কাজ চলমান। আমাদের নায্য পাওনা টাকা অবিলম্বে দিতে হবে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নের নামে এ কেমন আচরণ? চার বছরেও অধিগ্রহণ করা জমির টাকা আমরা পেলাম না। দু-এক দিনের মধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব। তারা অবিলম্বে টাকা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন।

২০২১ সালে ঝিনাইদহ থেকে যশোর শহর পর্যন্ত ৪৭ কিলোমিটার ৬ লেন সড়কের জন্যে ৩০৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ৪ বছর আগে এ ৬ লেন প্রকল্প শুরু হলেও কালীগঞ্জ উপজেলার জমিদাতারা কোন টাকা পাননি। ৬ লেন প্রকল্পের কাজ ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা।