দামুড়হুদায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামলা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী মামলা করেছেন। অভিযুক্ত সাজিদ হাসান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। তিনি উপজেলার মদনা গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) হুমায়ুন কবির জানান, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী শিক্ষক সাজিদ হাসানের বিরুদ্ধে মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। পরবর্তীতে সেটি নথিভুক্ত করা হয়।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী (২০) দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। একই প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞানের প্রভাষক সাজিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ছাত্রীটি ওই শিক্ষকের কাছে নিয়মিত প্রাইভেট পড়তো। প্রেমের কারণে শিক্ষক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। তাকে বিয়ে করতে বললে তিনি নানা টালবাহানা করতে থাকেন।

এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী শিক্ষক সাজিদ হাসানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন।

দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে যদি ঘটনা সত্যি হয় তাহলে সভা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোপূর্বেও এমন একটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেওয়া হয়েছিল। সে সময় ওই বিষয়টি রেজ্যুলেশনভুক্ত করা হয়।