যশোরে আলোচিত সন্ত্রাসী পান্নু ও বারোবাজারের সাবেক চেয়ারম্যানসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক সন্ত্রাসী হিসেবে পরিচিত সেলিম রেজা পান্নু এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। যশোর শহরের আলাদা স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে আবুল কালাম আজাদের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভ্ঞূা জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুজিব সড়কে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুকে তারা আটক করেন। সেলিম রেজা পান্নু সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ৩টি মামলা রয়েছে। পরে যশোর পৌরসভা এলাকা থেকে শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমনকে তারা আটক করেন। মাহমুদুল হাসান সুমন শহরের রেলবাজার এলাকার আকামত আলীর ছেলে। তিনি জানান, আটক দুই জনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে নানা অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।

কোতয়ালি থানা পুলিশ সূত্র জানায়, সেলিম রেজা পান্নু ও মাহমুদুল হাসান সুমনকে দুপুরের পর নাশকতার চেষ্টার পেন্ডিং মামলায় আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভ্ঞূা আরও জানান, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঘোপস্থ ল্যাড এইড হাসপাতালের সামনে থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং তার ভাই সুমনকে আটক করেন। তাদের বাড়ি বাদুরগাছা গ্রামে। এদের মধ্যে আবুল কালাম আজাদ হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ১১ মামলা আসামি এবং সুমন ৭ মামলার আসামি। আটকের পর ওইদিন রাতেই তাদেরকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার একাধিক সূত্র জানায়, আটক যশোর জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু সন্ত্রাসী নিজে একজন সন্ত্রাসী । তাছাড়া তিনি সন্ত্রাসীদেরও গডফাদার। তিনি যশোরের বিভিন্ন স্থানের চিহ্নিত সন্ত্রাসীদের বেতন দিয়ে লালন পালন করে থাকেন। সেলিম রেজা পান্নুর তার বিরুদ্ধে ভাতুড়িয়া এলাকার ইসরাজুল হত্যা মামলা, অস্ত্র আইনের মামলা রয়েছে।

সূত্র জানায়, সেলিম রেজা পান্নু প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকদলাদার, পরে কাজী নাবিলের অনুসারী ছিলেন । তার বিরুদ্ধে চাঁচড়া এলাকার জমি দখল বহু অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।