শার্শায় বোমা ফাটিয়ে হামলা ভাঙচুর, আহত ৮

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে দুর্বৃত্তদের হামলায় ৮ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। এ সময় দুর্বৃত্তরা প্রায় ১৫/২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে কন্যাদাহ বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রে জানা গেছে, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে কন্যাদাহ গ্রামে একদল যুবক শুক্রবার রাতে দোয়া মাহফিলের আযোজন করে। ওই মাহফিলে উলাশীর জিরোনগাছা, মাটিপুকুর, কাশিয়াডাঙ্গা, সম্বন্ধকাঠিসহ কয়েকটি গ্রামের শতাধিক যুবক অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আগে থেকে ওঁৎপেতে থেকে যুবকদের ওপর অতর্কিত হামলা করে ৭/৮জন আহত করে। ভাঙচুর করে কয়েকটি মোটরসাইকেল। হামলায় আহত হন জিরোনগাছা গ্রামের মো.জবাব(৩৪) মো. আশাফুল(৫৫) মো. বাবলু(৪৫), মো. প্লাবন(২২), মটিপুকুর গ্রামের মো. সেলিম(৩৭), মো. ইসমাইল (২০) ও কাশিয়্ডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আহাদুল(৪৫) ও স্বপন হোসেন (৪০)।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারি কন্যাদাহ গ্রামে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে নিয়ে আসে। তিনি বলেন এ ঘটনায় অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।