বাধ্য হয়ে এক যুগ পর রঞ্জি খেলবেন বিরাট কোহলি

0
রঞ্জি ট্রফিতে খেলতে যাচ্ছেন বিরাট কোহলি।

লোকসমাজ স্পোর্টস ডেস্ক॥ অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, যার একটি হলো ঘরোয়া ক্রিকেটে খেলা। এ কারণে বাধ্য হয়েই এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে কোহলিকে দেখা যাবে। এর আগে ২৩ জানুয়ারি দিল্লির বিপক্ষে ম্যাচ দিয়ে রঞ্জিতে ফিরবেন রিশাভ পান্ত আর রবীন্দ্র জাদেজা। ঘাড়ের ব্যথার কারণে কোহলি এই ম্যাচে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া সিরিজ শেষে গত ৮ জানুয়ারি তাকে ইনজেকশনও নিতে হয়েছিল।

তবে ২৩ জানুয়ারি থেকেই মাঠে নামবেন রোহিত শর্মা, শুবমান গিল এবং যশস্বী জয়সোয়ালরা। এরপর ৬ ফেব্রুয়ারি শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেক্ষেত্রে কোহলি যদি ৩০ তারিখের ম্যাচে খেলেন, তাহলে ওই সিরিজের আগে সময় পাবেন মাত্র ৩ দিন। ক্রিকইনফো জানিয়েছে, এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক।