কোটচাঁদপুরে ৮ জুয়াড়ি আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনী বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, বাংলা মদ ও নগদ টাকাসহ আট জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় জুয়ার বোর্ডের মালিক হারুনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হন। আটকরা হলেন, কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সেলিম, একই উপজেলার পারলাট গ্রামের ওয়াহাবের ছেলে বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হক, ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার আইয়ুব মুন্সির ছেলে মো. কাহিন, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ফকির আহম্মেদের ছেলে রবিউল ইসলাম, একই গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে মনির উদ্দীন, কোটচাঁদপুর আদর্শপাড়ার মালেক সরদারের ছেলে অমেদুল সরদার ও ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর গ্রামের নাওশাদ শাহের ছেলে আহসান হাবিব।
অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ১৩ হাজার ৬৫৯ টাকা, জুয়ার ওয়ানটেন বোর্ড, ডার্ক পিন, জুয়ার গুটি, মদ, মোমবাতি, গোলাপ পানি ও বেশ কয়েকটি মোবাইল ফোন সেট জব্দ করে।
আটককরা পুলিশকে জানিয়েছেন, ঝিনাইদহের বিপ্লব ও কোটচাঁদপুরের হারুন এই জুয়ার বোর্ডের মালিক। ৫ আগস্টের পর কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে এই চক্রটি গোপনে জুয়া খেলা চালিয়ে আসছিল। এসব জুয়ার বোর্ডে দেশের দক্ষিণাঞ্চলের জেলা থেকে আগত জুয়াড়িরা অংশ নিয়ে থাকেন।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, আটক জুয়াড়িদের সকালে কোর্টে চালান দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।