ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনিয়মের দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ফুটপাত দখল করে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন অনিয়মের দায়ে ছয়জন ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঝিকরগাছা পৌর শহরের বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: রনী খাতুন।

এসময় পৌর শহরের কাঁচাবাজার, মাছ-মাংসের বাজার, মুদি দোকান ও ফলপট্টিতে অভিযান চালানো হয়। দেখা যায়, অনেক ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছেন, যা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না টাঙানোসহ বেশ কিছু অনিয়ম পাওয়ায় ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন ব্যবসায়ীদের প্রতিটি পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং বাজারদর স্বাভাবিক রাখার কঠোর নির্দেশনা দেন।

এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ভোক্তাসাধারণের চলাচলের সুবিধার্থে ফুটপাত অবশ্যই দখলমুক্ত রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ঝিকরগাছা থানা পুলিশের একটি চৌকস টিম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।