যশোরের দুই লাচ্ছা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মঙ্গলবার আলাদা অভিযান চালিয়ে ২টি লাচ্ছা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অপরাধে এই ২টি সেমাই কারখানাকে জরিমানা করা হয়।

বিএসটিআই যশোরের উপ-পরিচালক প্রকৌশলী মো. আসলাম হোসেন জানান, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান সরদার ও আশীষ কুমার দাসের নেতৃত্বে ঝুমঝুমপুর ও হামিদপুরের দুটি লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঝুমঝুমপুর বিজিবি স্কুল রোডের মেসার্স বিসমিল্লাহ ফুড প্রডাক্টসে অভিযানকালে দেখা যায়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করা হচ্ছে। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে হামিদপুর বাজারের মেসার্স আর কে ফুডসে অভিযানকালে একই অবস্থা দেখা যায়। এ কারণে মেসার্স আর কে ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিএসটিআই যশোরের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আসলাম হোসেন ছাড়াও একই দফতরের পরিদর্শক মো. সাব্বির আহমেদ, ফিল্ড অফিসার মো. রাসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।