তালায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত রমজান সরদার ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। আহত সাংবাদিকরা হলেন, আমাদের কণ্ঠ পত্রিকার আক্তারুল ইসলাম ও সাতক্ষীরার সকাল পত্রিকার আতাউর রহমান।
জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমি নিয়ে বিরোধের মীমাংসার দিন ধার্য ছিল। বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। এ সময় বিবাদী রমজান সরদার ওই সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় সাংবাদিক আক্তার ও আতাউর আহত হন। আহত সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ‘ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আতœীয়ের জমি নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে দেশী অস্ত্র নিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে প্রতিপক্ষ রমজান সরদার বলেন, সাংবাদিকদের এই সালিশে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এঘটনায় আমিও আহত হয়েছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।