সেখ বশির উদ্দিনের অপসারণ চেয়ে যশোরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ

0

 

স্টাফ রিপোর্টার ॥ নবনিযুক্ত উপদেষ্টা সেখ বশির উদ্দিনের অপসারণের দাবিতে যশোরে দুই দফা বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা ‘আমার ভাই কবরে, বশির কেন সরকারে’ স্লোগান দেয়। সোমবার সন্ধ্যার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা দড়াটানা ঘুরে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতাকালে সংগঠনটির নেতারা বলেন, উপদেষ্টা পরিষদে যশোরের একজনকে অন্তর্ভুক্ত করায় আমাদের খুশি হওয়ার কথা। কিন্তু এমন একজনকে নেওয়া হয়েছে যিনি ছাত্র-গণআন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার আপন ভাই শার্শা-১ আসনে বিনাভোটের তিন বারের সংসদ সদস্য। অসংখ্য অপরাধের সাথে জড়িত। যেকারণে বশির উদ্দিনের বিরুদ্ধে হত্যামামলাও হয়, যার প্রধান আসামি পতিত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বশির উদ্দিনকে বাদ দিয়ে বিপ্লবী ছাত্রজনতার পক্ষের কাউকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তা না হলে ঢাকার সঙ্গে সমন্বয় করে যশোরে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তৃতা করেন ছাত্র সমন্বয়ক রাশেদ খান, মারুফ হাসান সুকর্ণ, সাঈদ খান, বিএম আকাশ প্রমুখ।
এর আগে রোববার উপদেষ্টাপরিষদে আকিজ-বশির গ্রুপের কর্ণধার শেখ বশির উদ্দিনকে অন্তর্ভুক্ত করার পর রাত সোয়া ১১টার দিকে শহরের দড়াটানা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।