চুড়ামানকাটিতে শত্রুতা করে গাছ কাটার অভিযোগ

0

চুড়ামনকাটি (যশোর)সংবাদদাতা॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ফলদ ও বনজ গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর সাজিয়ালী পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ রয়েছে, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের নিজ নামে আমবটতলা বাজারের অদূরে সাজিয়ালী মৌজায় ৪২৬৪ দাগে ২.৮৩ শতক জমি রয়েছে। যার দলিল নং ১৪৭৬৩/১৮।ওই জমিতে বিভিন্ন বনজ ও ফলদ গাছ ছিলো।পাশের জমির মালিক দোগাছিয়া গ্রামের নাজমুলের সাথে বিরোধ চলে আসছিলো তার। কিন্তু একাধিকবার এলাকায় শালিসি বেঠকেও সমাধান করতে চাননি নাজমুল। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে নাজমুল ৭/৮ জন লোক সাথে নিয়ে জাহাঙ্গীরের জমিতে প্রবেশ করে তার রোপণকৃত সব বনজ ও ফলদ গাছ কেটে সাবাড় করে দেন। তিনি আরো জানান, গাছগুলোর মধ্যে আম, জাম, লিচু, মেহগনি, পেয়ারসহ বিভিন্ন প্রকারের গাছ ছিলো। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নাজমুল ইসলাম বলেন, আমার জমির ভেতর জোর করে দখল করে গাছ লাগিয়েছেন জাহাঙ্গীর। আমার জমি ফেরত দেওয়ার ভয়ে জাহাঙ্গীর গাছ কাটার নাটক সাজিয়েছেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএস আই নিয়ামুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে বাগান পরিদর্শন করেছি। তিনি আরো জানান, নাজমুল ও জাহাঙ্গীরের মধ্যে জমিজমার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গাছ কাটার ঘটনায় দুপক্ষই এক অপরকে দোষী দাবি করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।