নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুতের অভিযোগে ডিলারসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই ব্যক্তি হলেন– শহরের রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডু (৬৫) এবং সদর উপজেলার নাকশী বাজারের ব্যবসায়ী লিটন শিকদার (৩৫)। লিটন নাকসী গ্রামের ইয়াসিন শিকদারের ছেলে।
পুলিশ জানায়, টিসিবির পণ্য অবৈধভাবে কেনায় লিটনকে (৩৫) প্রথমে আটক করে পুলিশ। এ সময় লিটনের দোকান থেকে টিসিবির ১৮ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি) এবং ২৪ বস্তা ছোলা (প্রতি বস্তায় ২৫ কেজি) জব্দ করা হয়। লিটন জানান, তিনি নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডুর (৬৫) কাছ থেকে এসব চিনি ও ছোলা কিনেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডুকে আটক করে। ডিলার পরিতোষ নিজের তোলা টিসিবির পণ্যসহ আরও কয়েকজনের পণ্য টিসিবি থেকে তুলে কালো বাজারে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগে জানা গেছে। ওসি জানান, আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।





