ভারত থেকে ফিরে পাচারকারীদের বিরুদ্ধে আদালতে মামলা ঝিকরগাছার এক নারীর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ভারত থেকে সাড়ে ৩ মাস পর ফিরে পাচারকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। তিনি ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর রেললাইন পাড়ার বাসিন্দা। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে আগামী ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ভারতের কলকাতায় ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর হঠাৎ পাড়ার বাসিন্দা এক নারীকে রেজাউল সরদারের স্ত্রী পাপিয়া খাতুন (৪৫), আব্দুল মালেক, আব্দুল মালেকের স্ত্রী ছায়রা বেগম (৪৭) ও তাদের ছেলে মাসুম (২০) গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেনাপোল সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। বেনাপোল বর্ডার হতে ১নং আসামি পাচারকারী পাপিয়া খাতুন তাকে ভারতে নিয়ে গেলেও অন্যরা বেনাপোল থেকে ফিরে আসে। ওই রাতেই ভারতের মহারাষ্ট্রের ছাংলী বকুলনগর নামক স্থানে নিয়ে যায় ওই নারীকে।
সেখানে কয়েকদিন থাকার পর ওই নারী বুঝতে পারেন, তাকে অনৈতিক কাজের জন্য অজ্ঞাতনামা লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর তাকে একটি নির্জন কক্ষে আটকে রেখে দিনের পর দিন অনৈতিক কাজ করাতে থাকে। একই সাথে মামলার সাক্ষী জাহানারা ও ছোট ড্রাইভারের স্ত্রী তাছলি খাতুনকেও বিক্রি করে দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী নারীর স্বামী জানতে পেরে তাকে দেশে ফিরিয়ে আনতে আসামিদের ওপর চাপ প্রয়োগ করেন।
এসময় পাচারকারীরা এক লাখ টাকা দাবি করে। পরে বাদীর স্বামী এনজিও থেকে লোন ও নিজের ভ্যান বিক্রি করে ৫০ হাজার টাকা দেন। ফলে পাচারের প্রায় সাড়ে ৩মাস পর গত ২৯ মে ওই নারীকে দেশে ফিরিয়ে নিয়ে আনে পাচারকারী চক্র। বাদী বাড়ি ফিরে এসে থানায় মামলা করতে যান। কিন্তু বিলম্ব হওয়ায় থানার অফিসার ইনচার্জের পরামর্শে আদালতে মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের কাছে এসে স্থানীয় ঘটনার বর্ণনা দিয়ে সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী ও তার স্বামী।