খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে হাসপাতালে ৯৭ শিশু ভর্তি

বিভাগজুড়ে আক্রান্ত ১,৩৩৩ শিশু; এক মাসে মৃত্যু ১০, সবচেয়ে বেশি কুষ্টিয়ায়

0

খুলনা ব্যুরো।লোকসমাজ : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৭ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগজুড়ে শিশুদের মধ্যে এ রোগের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য বিভাগে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৩৩ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে গত এক মাসে এ রোগে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়া জেলায়। সেখানে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ৫২৪ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া মাগুরায় ১৮৬, যশোরে ১৫৮, খুলনায় ১৩৩, মেহেরপুরে ৮৫, সাতক্ষীরায় ৭২, ঝিনাইদহে ৬৪, নড়াইলে ৪৫, বাগেরহাটে ৩৪ এবং চুয়াডাঙ্গায় ৩২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯৭ শিশুর মধ্যে কুষ্টিয়ায় ৩৯, যশোরে ১৩, বাগেরহাটে ১৩, মাগুরায় ৮, খুলনায় ৭, নড়াইলে ৭, ঝিনাইদহে ৪, চুয়াডাঙ্গায় ৩, সাতক্ষীরায় ২ এবং মেহেরপুরে ১ শিশু রয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।