খুলনার সোনালী ব্যাংকের ৯২ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাত : ব্যবসায়ী সনজিতের বিরূদ্ধে পরওয়ানা

0

খুলনা ব্যুরো॥ খুলনার সোনালী ব্যাংকের দৌলতপুর শাখা থেকে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পাট ব্যবসায়ী মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্তাধিকারী সনজিৎ কুমার দাসের জামিন বাতিল ও গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত।
মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পিপি অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
১৯৯৬-৯৭ সাল থেকে পরবর্তী কয়েকবছরে পাট কেনার জন্য ওই টাকা ঋণ নেওয়া হয়। যা সুদেআসলে বর্তমানে শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০১৭ সালে ২৬ সেপ্টেম্বর দুদক খুলনার উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে অর্থআত্মসাতের ঘটনায় সনজিৎ কুমার দাসসহ ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ২০১৮ সালের ৮ আগষ্ট দুদকের একই কর্মকর্তা আদালতে চার্জশিট প্রদান করেন।
জানা যায়, অর্থ আত্মসাতের মামলার সনজিৎ কুমার দাস দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশন তাকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেন। কিন্তু সনজিৎ কুমার দাস তার পাসপোর্ট জমা না দিয়ে র‌্যাব জব্দ করেছে বলে আদালতকে জানান। পরবর্তীতে তার পাসপোর্ট র‌্যাব জব্দ করেনি বলে নিশ্চিত হয় দুদক।
একই মামলায় সোনালী ব্যাংক দৌলতপুর শাখার গোডাউন কিপার মতিয়ার রহমান, সাবেক এজিএম নজরুল ইসলাম, সহকারি মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুহুল আমিন, অফিসার অজিত কুমার সরকারকে আসামি করা হয়।