জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইলে সাবেক পুলিশ কনস্টেবলের সংবাদ সম্মেলন

0

 

নড়াইল অফিস ॥ জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক পুলিশ কনস্টেবল গাজী মশিউর রহমান। বুধবার বেলা ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা হিসাব রক্ষণ অফিসের সাময়িক বরখাস্ত হওয়া অডিটর মো. আজমল হোসেন লোকজন নিয়ে তাকে যে কোনো সময় অপহরণ এমনকি তার প্রাণনাশ ঘটাতে পারে সে আতঙ্ক থেকে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে গাজী মশিউর রহমান বলেন, তিনি মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। একটি মামলায় জড়ানোর কারণে তিনি চাকরিচ্যুত হন এবং গত ২০ জুলাই মাগুরার আদালতে হাজিরা দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর গত ২২ আগস্ট অপরিচিত কতিপয় ব্যক্তি তার সঙ্গে দেখা করার জন্যে মাগুরা কারাগারে যান। বিষয়টি তার কাছে সন্দেহজনক হলে সাক্ষাত দেন না। পরবর্তীতে হাইকোর্টের আদেশে তিনি ২৪ আগস্ট কারাগার থেকে মুক্তি পান।
কারাগার থেকে বের হওয়ার সময় মাগুরা জেলা হিসাব রক্ষণ অফিসের সাময়িক বরখাস্ত হওয়া অডিটর মো. আজমল হোসেন লোকজন নিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। তিনি নিরাপদে বাড়ি ফিরতে কারা কর্মকর্তাদের সহযোগিতা চাইলে তারা স্থানীয় পুলিশকে অবগত করেন। পরে মশিউর হমানের স্বজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আশরাফুল ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানালে কারাগার এলাকা থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে বাড়ি পাঠায়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অডিটর মো. আজমল হোসেন লোকজন নিয়ে সটকে পড়েন।
তিনি আরো জানান, আগামী ১২ সেপ্টেম্বর আদালতে তার মামলার দিন আছে। অডিটর মো: আজমল হোসেন ও তার লোকজনের ভয়ে ওইদিনে আদালতে হাজিরা দিতে জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। তিনি জীবনের নিরাপত্তার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া অডিটর মো: আজমল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে অপহরণের নাটক সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
উল্লেখ্য, সাবেক পুলিশ কনস্টেবল গাজী মশিউর রহমান নড়াইলের লোহগড়া উপজেলার ধলইতলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গাজী সিরাজুল ইসলামের ছেলে।