অভয়নগরে লক্ষাধিক টাকা মূল্যের গরু চুরি

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার মশরহাটি গ্রামে। গরুর মালিক ওই এলাকার মৃত সৈয়দ আলী বিশ্বাসের মেয়ে সখিনা বেগম। এ ব্যাপারে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন গরুর মালিক। সখিনা বেগম জানান, গরু লালন পালন করে তার সংসার চলে। কুরবানি ঈদকে সামনে রেখে কয়েকদিন যাবৎ রাতে স্থানীয় ও বহিরাগত লোকের আনাগোনা দেখে আতঙ্কেই ছিলেন তিনি। ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তার গোয়ালের চারটি গরুকে খেতে দিয়ে গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমাতে যান। রাত দুইটার দিকে ঘুম ভেঙ্গে গোয়াল ঘরের সামনে গিয়ে দেখেন তার তালা ভাঙ্গা এবং ভিতরে এঁড়ে গরুটি নেই। গরুটির বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
ওই রাতেই পরিবারের সকলে গরু খুঁজতে বের হন এবং গরুর পায়ের ছাপ দেখে খুঁজতে থাকেন। সখিনা বেগম জানান, তার বাড়ি থেকে ১০টি বাড়ি পার করে স্থানীয় রংধনু ক্লাবের পাশ থেকে গরুটি পিক-আপ এ তোলার নমুনা তারা দেখতে পেয়েছেন। সখিনা বেগমসহ তার পরিবারের ধারণা স্থানীয় কেউ এ চুরির সাথে জড়িত। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।