কেশবপুরে ঘের মালিকদের দখলে ৫৯ সরকারি খাল পানি নিষ্কাশনের ব্যবস্থা বিঘ্নিত : জলাবদ্ধতার শঙ্কা!

0

 

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে পানি নিষ্কাশনের সরকারি খালগুলো মাছের ঘের মালিকরা অবৈধভাবে দখলে রেখেছে। ঘের মালিকরা উপজেলার ৫৯টি সরকারি খালের ৩৯৪ হেক্টর জমি অবৈধভাবে দখল করে মাছ চাষ করছেন। তাছাড়া শুষ্ক মৌসুমে ঘের মালিকরা শ শ বৈদ্যুতিক সেচ পাম্প ও স্যালোমেশিন দিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে মাছ চাষ করেছে। ফলে বর্ষা মৌসুমের আইে খাল ও ঘেরগুলো পানিতে পূর্ণ রয়েছে। এখন বর্ষা মৌসুমে নতুন পানিতে প্লাবিত হবে এলাকা। একারণে পনিবদ্ধতার হাতছানি দিচ্ছে এলাকায়। তাই বিল এলাকার মানুষ বর্ষা মৌসুমে বাড়ি ঘর ছাড়তে বাধ্য হবেন এমনটিই আশঙ্কা করছেন বিল এলাকার কৃষকরা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সাথে অতিরিক্ত পানি উপচে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সরকারি খাল অবৈধ দখল মুক্ত করার বিধিনিষেধ থাকলেও স্থানীয় প্রশাসন ঘের মালিকদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশ্য প্রশাসনিক কর্মকর্তারা বরাবরের ন্যায় বলেছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর বাগডাঙ্গা গ্রামবাসী স্থানীয় চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানিয়েছেন যে, বাগডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়া পাকা রাস্তার পাশ দিয়ে যাওয়া খাল রয়েছে এ খালটি সংশ্লিষ্ট ঘের মালিক জবর দখলে নিে ছেন। সেখানে তিনি তার মাছের ঘেরের বেড়িবাঁধ দিয়ে আটকিয়ে পানিবদ্ধতার সৃষ্টি করে চলেছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ঘের মালিক প্রভাবশালী হওয়ায় স্ধাারণ মানুষ প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ পেয়ে তিনি বিষয়টির গুরুত্ব সহকারে বিবেচনার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপ চেয়ে সুপারিশ করেছেন। তিনি স্বীকার করেন বর্ষা মৌসুমে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। খাল বিল মুক্ত না থাকলে জলাবদ্ধতা হবেই কারণ পানি নিষ্কাশনের সুবিধা থাকে না। তিনি আরও বলেন, ঘের মালিকরা ব্রিজ, কালভার্টের মুখ ভরাটসহ অপরিকল্পিত বেঁড়িবাধ দিয়ে পানি নিষ্কাশন পথ বন্ধ করে ফেলে। ফলে বর্ষাকালে যেনতেন বৃষ্টিতেই পানি মানুষের বসত ভিটায় উঠে যায়। এলাকায় দেখা দেয় কৃত্রিম জলাবদ্ধতা।
বাগডাঙ্গা গ্রামের অনাথ বন্ধু সরকার, মিহির সরকারসহ কয়েকজন চাষি ও স্থানীয় বাসিন্দা জানান, নদী অববাহিকার ঘের মালিকরা মৎস্য ঘেরে লোনা পানি ওঠাচ্ছে। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ঘের মালিকরা ট্রাক্টরসহ অন্যান্য গাড়ি ব্যবহার করে বিল অভ্যন্তরের অধিকাংশ রাস্তা নষ্ট করছে। যে কারণে পূর্বাঞ্চালের বাগডাঙ্গা, মনোহরনগর, কালিচরণপুরসহ ১৫টি গ্রাম কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগণ প্রায় সারা বছর পানিবন্দি থাকে। অনেক রাস্তা এখনো পানিতে তলিয়ে রয়েছে। ফলে ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো। তারা তাদের আশঙ্কার কথা জানিয়ে বলেন, আসছে বর্ষা মৌসুমে ১৫ থেকে ২০ টি গ্রামের বসত বাড়ি পানিতে তলিয়ে যাবে। তারা এর জন্যে এ সব প্রভাবশালী ঘের মালিকদের দায়ী করেন। তারা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা জানান, কেশবপুরে ৪ হাজার ৬‘শ ৫৮টি মৎস্য ঘের রয়েছে। এসব ঘেরে চাষযোগ্য সাড়ে ৭ হাজার হেক্টর জমি রয়েছে। বোরো আবাদের লক্ষ্যে ঘের মালিকরা ঘেরের পানি নিষ্কাশন করেন। আবার ১৫ বৈশাখের পর অবৈধভাবে ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে পানিতে ভরে ফেলে। তিনি অভিযোগ করেন, ভূগর্ভস্থ পানি উত্তোলন করে মাছ চাষের কোনো সুযোগ নেই। এছাড়া, ঘের মালিকরা ৫৯ টি সরকারি খালের ৩৯৪ হেক্টর জমি দখল করে মাছ চাষ করছেন।
যশোর বিএডিসির সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, কৃষি কাজে ব্যবহারের জন্যে কেশবপুরে ১৫‘শ কৃষকের সেচ লাইসেন্স দেয়া হয়েছে। সরকার কৃষি কাজে ভর্তুকি দিচ্ছে। কৃষক শুধুমাত্র কৃষি কাজ ছাড়া অন্যকোন কাজে সেচ পাম্প ব্যবহার করতে পারবে না।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২‘র কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুল লতিফ বলেন, সমিতির আওতায় কেশবপুরে বিদ্যুতের সেচ সংযোগ রয়েছে ২ হাজার ৫০টি। উপজেলা নির্বাহী অফিসার ভূগর্ভস্থ পানি উত্তোলনকারীদের সংযোগ বিচ্ছিন্নকরণে তার দপ্তরে পত্র দিয়েছেন। যেসব কৃষক সেকেন্ড ব্লক করবে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তিনি বলেন, যদি সব সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাহলে ট্রান্সফরমার চুরির আশঙ্কা থাকে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, প্রশাসনিকভাবে সব দপ্তরকে সমন্বয় করে যারা অবৈধভাবে পানি উত্তোলন করে মাছ চাষসহ কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়ার সবরকম সহযোগিতা করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে মৎস্য ঘের মালিকরা মাছ চাষ করছেন। সরকার কৃষি কাজের জন্যে বিদ্যুৎ সংযোগসহ ভর্তুকি দিচ্ছে। যারা অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঘের কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, যারা চারা মাছ উৎপাদন করে তারা ঘেরে পানি উত্তোলন করছেন। কিন্তু খাল দখলসহ পানি উত্তোলন করে যারা ঘের ভরাট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বলার কিছুই নেই।
সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান বলেন, যারা সরকারি খাল দখল করে রেখেছে তাদেরকে নোটিস দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সমস্ত খাল দখলমুক্তসহ পানি নিষ্কাশনের জন্যে উন্মুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন বলেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনকারীদের ব্যাপারে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ বিভাগে পত্র দেওয়া হয়েছে। এছাড়া সরকারি খাল দখলমুক্ত করার জন্যে অচিরেই অভিযান পরিচালনা করা হবে।