যশোরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধনী দিনে দুটি খেলায় উপশহর ও বেনাপোলের জয়লাভ

0

 

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-২) ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের দুটি খেলায় জয় পেয়েছে উপশহর স্পোর্টিং ক্লাব ও বেনাপোল ক্রিকেট একাডেমি। শনিবার উপশহর কেন্দ্রীয় ক্রিড়া উদ্যানে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় উপশহর স্পোর্টিং ক্লাব বনাম এস এস ক্রিকেট একাডেমি। এ খেলায় উপশহর স্পোর্টিং ক্লাব ৯ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে। খেলায় টসে জিতে প্রথম এস এস ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে ১১ ওভারে মাত্র ৩০ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে । উপশহর স্পোর্টিং ক্লাব মাত্র ৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বেনাপোল ক্রিকেট একাডেমি বনাম যশোর ক্রিকেট কোচিং সেন্টার। এ খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমি ২ উইকেটে জয়লাভ করে। খেলায় টসে জিতে যশোর ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। জয়ের জন্য বেনাপোল ক্রিকেট একাডেমি ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম-সম্পাদক এ বি এম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।