বাঘারপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে না খেলেই পৌরসভা চ্যাম্পিয়ন

0

 

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পর্যায়ে গতকাল মঙ্গলবার বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্বে এক পক্ষের অনুপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিলো দোহাকুলা ইউনিয়ন ও পৌরসভা একাদশের। খেলায় দোহাকুলা ইউনিয়ন অংশগ্রহণ না করায় পৌরসভাকে ওয়াকওভারের মাধ্যমে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে স্থানীয় ফুটবল টিম বিজয় একাত্তরের সাথে পৌরসভা একাদশের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও পৌর মেয়র কামরুজ্জামান।
টিম খেলতে না আসার বিষয়ে দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেছেন, ‘গত কয়েক দিনের ম্যাচে লক্ষ্য করা গেছে খেলা পরিচালনার সাথে যারা রয়েছে তারা খুবই দুর্বল। একই সাথে তাদের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত ও পক্ষ পাতিত্বের অভিযোগ ওঠেছে। দোহাকুলা ইউনিয়ন ও পৌরসভার দুটি টিমই উপজেলা সদর কেন্দ্রিক। এখানে দুই পক্ষেরই উত্তেজনা থাকবে। এ কারণে আমি ইউএনও স্যারকে বলেছিলাম বিষয়টি নিয়ে বৈঠকের প্রয়োজন আছে। কোন আলোচনা ছাড়াই খেলার দিন সকাল ৯টা ৪০ মিনেটে ইউএনও স্যার আমাকে ফোনে জানান আজ খেলা অনুষ্ঠিত হবে। হঠাৎ করে সব খেলোয়াড়দের এক জায়গায় করে খেলতে যাওয়া সম্ভব হয়নি’।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারী বলেছেন, ’ফাইনাল খেলার নির্ধারিত দিন ছিলো গত ১৮ মে বুধবার। ১৭ মে সেমিফাইনাল পর্বের শেষ খেলায় একটু ঝামেলার সৃষ্টি হয়। এ কারণে দোহাকুলার চেয়ারম্যান দাবি করেছিলেন, পরদিন ফাইনাল খেলা বন্ধ রাখতে। আমি সেদিনই তাকে জানিয়ে দিয়েছিলাম তাহলে ১৯ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুর্বল ম্যানেজমেন্টের কথা ঠিক না। খেলতে না আসার অন্য কোন কারণ থাকতে পারে’।