দেশে হামের প্রাদুর্ভাব: ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

0
সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট ‘গ্যাভি’ (GAVI) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছর দেশে হামের সংক্রমণে অর্ধশতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আট বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের হার সর্বোচ্চ (৩৬.২৪ শতাংশ)। ইপিআই-এর নিয়মিত কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেওয়া হলেও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।