প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

0
সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চলতি অর্থবছর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। এসময় তিনি শিক্ষা খাতের আগামী ১৮০ দিন, এক বছর এবং ৫ বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, কারিগরি ও ভাষা দক্ষতা বৃদ্ধিতে আগামী ১৮০ দিনের মধ্যে ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান এবং ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এছাড়া ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষা শিক্ষার সুযোগ প্রদান করা হবে। আধুনিক শিক্ষার প্রসারে ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।