মেয়েদের শিক্ষা বন্ধ করায় আফগানিস্তানে প্রকল্প স্থগিত করলো বিশ্বব্যাংক

0

লোকসমাজ ডেস্ক॥ মাধ্যমিক স্কুলে বালিকাদের শিক্ষা নিষিদ্ধ করেছে আফগানিস্তানে ক্ষমতা কেড়ে নেয়া তালেবানরা। এ জন্য দেশটিতে ৬০ কোটি ডলার মূল্যের চারটি প্রকল্প স্থগিত করেছে বিশ্বব্যাংক। শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে এসব প্রকল্প হাতে নেয়া হয়েছিল। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে বিশ্বব্যাংক এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, তাদের দেয়া এই সহায়তায় যাতে বালিকা এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং তারা সুবিধা পায় তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। যে প্রতিশ্রুতিতে তালেবানরা গত ১৫ই আগস্ট নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়, তাতে নারী শিক্ষাকে অনুমোদন দেয়া ছিল অন্যতম প্রতিশ্রুতি। কিন্তু ক্ষমতায় আসার পর তারা নারী শিক্ষার বিরুদ্ধে কঠোরতা আরোপ করে। তারা কয়েক মাসের বিধিনিষেধের পর স্কুল খুলে দেয়ার যে সিদ্ধান্ত নেয়, তার ঠিক উল্টো সিদ্ধান্ত নেয় গত সপ্তাহে। তালেবানরা বলেছে শরীয়া আইন এবং আফগানিস্তানের প্রচলিত রীতির অধীনে নারী শিক্ষার্থীদের ইউনিফর্ম বা পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরই শুধু স্কুল আবার খুলে দেয়া যাবে। তাদের এমন অবস্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা জানানো হচ্ছে। স্কুল খুলে দেয়ার দাবিতে রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে শনিবার বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক মানুষ।
বিশ্বব্যাংক আফগানিস্তানে যে প্রকল্পগুলো হাতে নিয়েছিল তাতে মেয়ে ও নারীদের টার্গেট করা হয়েছিল, যেন তারা পুরুষের সমান চাকরিতে সুযোগ পান। এতে অর্থায়ন করেছে আফগানিস্তান রিকন্সট্রাকশন ট্রাস্ট ফান্ড। তালেবানরা গত বছর ক্ষমতা কেড়ে নেয়ার পর এই তহবিল জব্দ করা হয়েছিল। এ মাসের শুরুতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ একটি পরিকল্পনা অনুমোদন করে। তাতে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য সহ জরুরি প্রয়োজনে সমর্থন দেয়ার জন্য কমপক্ষে ১০০ কোটি ডলার ছাড় দেয়া হয়। পরিকল্পনার অধীনে এই অর্থ তালেবান কর্তৃপক্ষের হাতে দেয়া হবে না। পক্ষান্তরে এই অর্থ জাতিসংঘের বিভিন্ন এজেন্সি এবং ত্রাণ বিষয়ক সহায়ক গ্রুপের মাধ্যমে বিতরণ করার কথা বলা হয়। কিন্তু গত শুক্রবার ১০টি দেশের কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি দেন। তার মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। এতে তারা তালেবানের কর্মকা-কে বড় হতাশাজনক বলে উল্লেখ করেন। অন্যদিকে কাতারে তালেবান নেতাদের সঙ্গে যে আলোচনার কথা রয়েছে তা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।