ঢাকায় বিপণন কর্মকর্তা ওবায়দুল্লাহ হত্যার রহস্য উন্মোচন

0
রাজধানীতে বিপণন কর্মকর্তা ওবায়দুল্লাহ হত্যার রহস্য উদ্‌ঘাটন। লাশ টুকরো করে চার জায়গায় ফেলেছিল ঘাতক শাহীন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর কমলাপুরে গণস্বাস্থ্য হোমিওর বিপণন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ওবায়দুল্লাহকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন তাঁরই রুমমেট ও হোটেল কর্মচারী শাহীন আলম। পুলিশ এই ঘটনায় শাহীনকে আটক করেছে এবং তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বাক্‌বিতণ্ডা ও গালিগালাজের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। শাহীনকে খাবার ও সিগারেট আনতে বাধ্য করা এবং রাতে ফোনে জোরে কথা বলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে হত্যা করা হয়। এরপর লাশ চার খণ্ড করে কালো পলিথিন ও বালতিতে ভরে অটোরিকশা ও সাইকেলে করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেন শাহীন। সিসিটিভি ফুটেজ ও অটোরিকশা চালকের তথ্যের ভিত্তিতে শাহীনকে শনাক্ত করে তাঁর বাসা থেকে রক্তমাখা চাপাতি ও সাইকেল উদ্ধার করেছে পুলিশ।