কৃষি পণ্যের মূল্যবৃদ্ধিতে তালায় বোরো আবাদে বিপাকে চাষি

0

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)॥ কৃষিপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় সাতক্ষীরার তালায় ইরি-বোরো আবাদে বিপাকে পড়েছেন চাষিরা। প্রতিবছর সার-কীটনাশক, বীজ, ডিজেল ও শ্রমিকের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। গতবছরের তুলনায় এবারের তেলের দাম লিটারে ১৫ টাকা বেশি। এদিকে সার (পটাশ) বস্তা প্রতি বৃদ্ধি হয়েছে ২শ টাকা এবং টিএসপি কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৮/১০ টাকা। শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে ২শ টাকা থেকে ৩শ টাকায়। তবে ধানের দাম তুলনামূলক বেশি থাকায় চাষিরা ঝুঁকেছেন ইরি-বোরো আবাদের দিকে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ৫শ ৪০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ১৯ হাজার ৫শ ৫৫ হেক্টর জমিতে। খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের সন্তোষ ঘোষ জানান, তিনি নিজে ইরি-বোরো আবাদ করেছেন ৬ বিঘা জমিতে। ডিজেল ৮১ টাকা দরে কিনছেন। ডিজেল কিনে সেচ কাজ পরিচালনা করতে তিনি হিমশিম খাচ্ছেন। ডিজেলের দাম কম হলে তিনি আরো বেশি ইরি-বোরো আবাদ করতে পারতেন। বিদ্যুৎচালিত সেচপাম্প ব্যবস্থা করতে পারলে খরচ কম হতো বলে তার দাবি। নলতা গ্রামের ছমির মোড়ল জানান, একদিকে ডিজেল কিনতে হচ্ছে বেশি টাকায়। অন্যদিকে সার-কীটনাশকের দামও অনেক বেশি। পটাশ বস্তা ছিলো ৭শ ৫০ টাকার পটাশ এখন কিনতে হচ্ছে ৯শ ৫০ টাকায়। প্রতি বস্তায় বৃদ্ধি হয়েছে ২শ টাকা। ২২ টাকার টিএসপি এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে খোলা বাজারে। কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৮/১০ টাকা। সার ব্যবসায়ী সরদার কবির আহম্মেদ জানান, ইরি-বোরো আবাদের প্রথম দিকে সার-কীটনাশকের চাহিদা একটু বেশি থাকে। তিনি জানান, তারা যেমন কেনেন তেমনি ভাবেই বিক্রি করেন। তালা উপজেলা কৃষিকর্মকর্তা হাজিরা খাতুন জানান, সরকারি নির্দেশনায় সারের মূল্য বৃদ্ধি হয়নি। যদি কোনো সার ব্যবসায়ী সারের দাম বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কৃষি পণ্যের দাম বৃদ্ধি হলেও চাষিরা যে আবাদ করেছেন তার জন্যে সরকার ভর্তুকি দেবেন বলে তিনি জানান।