ফুলতলা খাদ্যগুদাম থেকে পাচারকালে ৪০ বস্তা চাল আটক

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলা সরকারি খাদ্য গুদাম থেকে নওয়াপাড়ায় পাচারকালে ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা বাসস্ট্যান্ড এলাকা থেকে নছিমন ভর্তি ৪০ বস্তা চাল এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়ার অভিমুখে নছিমন যোগে ফুলতলা সরকারি খাদ্য গুদাম থেকে পাচারকৃত কিছু চাল এলাকাবাসী আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ প্লাস্টিকের বস্তা প্রতি ৫০ কেজি করে ৪০ বস্তা চাল ভর্তি নছিমন জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে নছিমন চালক ফুলতলার আলকা গ্রামের মৃত রতন জমাদ্দারের পুত্র শহিদুল জমাদ্দার (৩৫) বলেন, খাদ্যগুদাম প্রহরী মোজাম্মেল তাকে নওয়াপড়াস্থ আল-আমিনের গোডাউনে পৌছে দেয়ার জন্য ভাড়ায় নেয়। এ সময় আরও চাল অন্য নছিমনে আগেই চলে যায়। গোডাউনের কুলি অভয়নগরের গুয়াখোলা গ্রামের মকবুল মোল্যার পুত্র আয়ুব আলী (৪০) বলেন, ফুলতলা ইউনিয়নে ভিজিডির চাল পাঠানোর কথা বলে খাদ্যগুদাম প্রহরী মোজাম্মেল এর নির্দেশনায় লেবার দিয়ে নছিমনে চাল লোড দেয়া হয়। অপরদিকে গোডাউন প্রহরী মোজাম্মেল বলেন, ফুলতলা ইউনিয়নের বস্তা প্রতি ৩০ কেজি হিসাবে ৫১২ বস্তা ভিজিডি চাল লোড দেয়ার কথা ছিল। কিন্তু প্লাস্টিকের বস্তায় ২ মেট্রিকটন চাল কিভাবে পাচার হয়েছে সেটি আমার জানা নেই। এদিকে পূর্ব নির্ধারিত ভিজিডির ৫১২ বস্তা চাল পাওয়া গেছে বলে ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব তানভীন ডলি জানিয়েছেন। এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গোডাউনে আমদানিকৃত প্লাস্টিকের বস্তা প্রতি ৫০ কেজি চাল এর লট গত মাসেই শেষ হয়েছে। তাছাড়া গোডাউনে স্টক সঠিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।