যশোরে মুসলিম এইডের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ বেতন বাকি থাকায় প্রবেশপত্র আটকে রেখে দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেননি মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি যশোরের অধ্যক্ষ আক্তার আলী। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণসহ যশোর-মাগুরা মহাসড়ক। শিক্ষার্থীরা অধ্যক্ষের বহিষ্কারের দাবিতে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরিস্থিতি সামালণ দিতে কোতয়ালি থানা, উপশহর ও তালবাড়িয়া ফাঁড়ির বিপুল সংখ্যখ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। করোনা মহামারীতে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মত মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিষ্ঠান খোলার সাথে সাথে অধ্যক্ষ আক্তার আলী শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্যে চাপ দেন। দারিদ্রের কষাঘাতে জর্জরিত সপ্তম সেমিস্টারে দুই শিক্ষার্থী হাবিবুর রহমান ও সাকিব হোসেন সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধ করতে না পারায় অধ্যক্ষ তাদের পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখেন। যে কারণে চলতি মাসের ৮ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় ওই দুই শিক্ষার্থী অংশ নিতে পারেনি। এ ঘটনায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী গতকাল সকাল থেকে অধ্যক্ষের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে।
প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে যশোর-মাগুরা মহাসড়কে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। যান চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। পুলিশ বিক্ষোভরত শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সাথে দফায় দফায় বৈঠক করেন। শেষ পর্যন্ত বেলা ৪টায় মুসলিম এইড কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে অধ্যক্ষকে বহিষ্কার করা না হলে ফের বিস্ফোরণের হুঁশিয়ারি প্রদান করে। এ বিষয়ে অধ্যক্ষ আক্তার আলী বলেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।