শরীয়তপুরে জামায়াতের কার্যালয়ে যৌথ বাহিনীর অভিযান: পোলিং কর্মকর্তার জেল ও ৭ লাখ টাকা উদ্ধার

0
শরীয়তপুর-২ আসনে ভোটের আগে উত্তাপ! জামায়াতের কার্যালয় থেকে উদ্ধার হলো ৭ লাখ ২০ হাজার টাকা। একই সাথে এক পোলিং কর্মকর্তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার নড়িয়া পৌরসভায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে আটক করে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত পোলিং কর্মকর্তার নাম গোলাম মোস্তফা। তিনি নড়িয়ার ১২৭ নম্বর হাজী সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নির্বাচনের দিন পঞ্চপল্লী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় থেকে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানকালে ওই কার্যালয় থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, টাকা বিতরণের তালিকা, ল্যাপটপ ও হার্ডডিস্ক জব্দ করা হয়। এ সময় সেখানে কর্তব্যরত পোলিং কর্মকর্তা গোলাম মোস্তফাকে পাওয়া গেলে তাকে আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, সরকারি পোলিং কর্মকর্তা হয়েও ওই শিক্ষক কেন জামায়াতের নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলেন, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামীর শরীয়তপুর–২ আসনের প্রার্থী মাহমুদ হোসেনের মিডিয়া সেল থেকে দাবি করা হয়েছে, উদ্ধারকৃত টাকা ১৩৬টি কেন্দ্রের কর্মীদের যাতায়াত ও খাবারের জন্য রাখা ছিল। এই অভিযানকে তারা উদ্দেশ্যপ্রণোদিত ও দুর্নাম রটানোর চেষ্টা বলে অভিহিত করেছেন। অন্যদিকে, বিএনপি প্রার্থী সফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এই অভিযানকে স্বাগত জানিয়ে ভোটারদের ভয়ভীতি ও টাকা দিয়ে প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।