টাকার কাছে পবিত্র আমানত বিক্রি করবে না জনগণ; অনিন্দ্য ইসলাম অমিত

0
সৎ লোকের শাসনের বুলি আওড়িয়ে অসাধু পথ বেছে নেওয়া কাম্য নয়: অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “জনগণ টাকার বিনিময়ে ভোট নামক পবিত্র আমানতের খেয়ানত করবে না। সাধারণ মানুষের ওপর আমার সেই পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।” আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন প্রান্তে একটি বিশেষ রাজনৈতিক দলের ‘টাকার বস্তা’ নিয়ে নামার অভিযোগ প্রসঙ্গে অমিত বলেন, যশোরেও তারা একই অপচেষ্টা করলে সচেতন জনতা তাদের রুখে দেবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা মুখে মুখে সৎ লোকের শাসনের কথা বলে, তারা অসাধু উপায়ে নির্বাচিত হওয়ার চেষ্টা করা কোনোভাবেই কাম্য নয়।”

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি আশা করি, শেষ সময় পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। দীর্ঘ ১৭ বছর পর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের আকাঙ্ক্ষিত সরকার গঠন করবে।”