ষড়যন্ত্র রুখতে বেশি ভোট পড়ার বিকল্প নেই; অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

0
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দেশের বিভিন্ন জায়গায় বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা চাই না এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অব্যাহত থাকুক।”

এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে তারেক রহমান ভোটারদের সক্রিয় উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “ভোটের সংখ্যা যত বাড়বে, সকল ধরনের ষড়যন্ত্র তত সহজে প্রতিহত করা যাবে। যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিংবা অনৈতিক কাজে লিপ্ত, তাদের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হবে।”

ভোট গণনা ও ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফল প্রকাশে দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। সারা দেশের মানুষ ভোট দিয়ে ফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন কমিশনের উচিত দ্রুততম সময়ে ফলাফল জানানো।” নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নে তিনি একটি বিশেষ শর্ত জুড়ে দিয়ে বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তবে অবশ্যই সব দল তা মেনে নেবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে তা কেউ মেনে নেবে না।”