নির্দোষ জেনে মদসহ আটক সেই মাকে মুক্তি দিল পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের হাজতখানার সামনে থেকে মদসহ আটক ফুলমতি বেগম নির্দোষ জানতে পেরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত রোববার রাতে কোতয়ালি থানা থেকে তিনি মুক্তি পেয়ে বাড়ি ফিরে গেছেন। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, ওই নারী ছেলেকে শুকনো খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ছেলের এক বন্ধু ক্লেমনের একটি বোতল তার হাতে ধরিয়ে দেন। কিন্তু তিনি (ফুলমতি বেগম) জানতেন না বোতলের মধ্যে মদ আছে। তাছাড়া কোনো মা তো আর তার ছেলেকে মদ দিবেন না। ফলে ওই নারী নির্দোষের বিষয়টি তারা নিশ্চিত হওয়ার পর রাতেই তাকে থানা থেকে ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য, সদর উপজেলার নুরপুর গ্রামের জামাল গাজীর স্ত্রী ফুলমতি বেগম গত রোববার বিকেলে আদালতের হাজতখানায় চুরি মামলায় আটক থাকা ছেলে রবিউল ইসলামকে খাবার দিতে যান। এ সময় ছেলের বন্ধু বাউলিয়া গ্রামের বাসিন্দা রিকশাচালক সিরাজ তার হাতে কোমল পানীয় ক্লেমনের একটি বোতল তুলে দেন রবিউল ইসলামের কাছে পৌঁছে দেয়ার জন্য। কিন্তু ফুলমতি বেগম জানতেন না ক্লেমনের বোতলের ভেতর মদ রয়েছে। হাজতখানার সামনে গেলে পুলিশ তল্লাশি করে ক্লেমনের বোতলের ভেতর মদ দেখতে পান। এ কারণে হাজতখানায় কর্মরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে কোতয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। রাতে থানা পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে আটক মহিলা নির্দোষ। এ কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ।