যশোর শহরতলীতে এক ব্যক্তি ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটি গ্রামে গতকাল রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আজগর আলী (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাই নূর ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৭টার দিকে আজগর আলীকে শেখহাটি দক্ষিণপাড়া নিমতলার মোড়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করেন। আজগর আলীর বাড়ি শেখহটি দক্ষিণপাড়ায়।
অপরদিকে, শহরতলীর বিরামপুর কালীতলায় প্রতিপক্ষের হামলায় ৩ জন্ াহত হয়। আহতরা হচ্ছে- ঘোপ জেল রোড এলাকার ফিরোজ হাওলাদারের পুত্র শুভ (২২), ঘোপ বউবাজার এলাকার খলিলের পুত্র ইয়াসিন (১৪) ও ঘোপ বেলতলা এলাকার লুৎফর রহমানের পুত্র শিশির (১৪) আহতরা জানিয়েছে, বিরামপুর গ্রামে পূজা দেখে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করলে তারা আহত হয়। আহতরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।