নড়াইলে যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলায় ছাত্রলীগের নেতাসহ আসামি ২২

0

নড়াইল অফিস ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে যুবলীগ কর্মী পলাশ মাহমুদ (৩২) হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত পলাশের মা পলি বেগম লোহাগড়া থানায় এ মামলা করেন। গত ২৫ অক্টোবর রাতে চরমল্লিকপুর গ্রামের রমজান আলী ইমরানের বাড়ির কাছে পলাশকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি চরমল্লিকপুর গ্রামে মামার বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনার বাটিয়াঘাটায়। পলাশ লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। মামলার বিবরণে জানা যায়, মল্লিকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও রাজনৈতিক বিরোধের জেরে পলাশকে হত্যা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে দোয়ামল্লিকপুর গ্রামের শাহিদুর রহমানকে। তিনি গতবার মল্লিকপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন। এছাড়া তার দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম এবং লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মুসল্লি ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকেও আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। লোহাগড়া থানা পুলিশের ওসি শেখ আবু হেনা মিলন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে, আসামিদের আটকের চেষ্টা চলছে।