বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিডে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা, ঘাতক আটক

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর)॥ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী শ্রমিককে অ্যাসিড নিক্ষেপ করে ও পিটিয়ে হত্যা করেছে তার সহকর্মী। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় চামড়ার কারখানা এসএফ ইন্ডাস্ট্রিজের সামনে। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে কেয়া বেগম (২৮) শিল্প শহর নওয়াপাড়ায় চামড়ার কারখানা এসএফ ইন্ডাট্রিজে শ্রমিক ছিলেন। একই কারখানার রাজঘাট মাইলপোস্ট এলাকার মোশাররফ হোসেনের ছেলে শামিম ছিলেন তার সহকর্মী। শামিম দীর্ঘদিন থেকে কেয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার দুপুরে মিল ছুটি হলে কেয়াকে রেজিস্ট্রি অফিসে নিয়ে বিয়ের জন্য জোরাজুরি করে। কেয়া এই প্রস্তাবে রাজি না হওয়ায় শামিম ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী কারখানার সামনে অ্যাসিড তার মাথায় ঢেলে দেয়। অ্যাসিডে দগ্ধ হয়ে কেয়া যখন ছটফট করছিল ওই অবস্থায় মাথায় লাঠি আঘাত করতে থাকে শামিম। এঘটনা দেখে আশেপাশের লোকজন ছুটে এসে কেয়াকে উদ্ধার করে খুলনা ৫শ’ শয্যা মেডিকেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪ টায় কেয়া মারা যান। কেয়ার দশ বছরের মারিয়া নামের একটি কন্যা সন্তান আছে। ওসি আরও জানান, ঘটনার সময় ওই কারখানা অন্য শ্রমিকরা শামিমকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।