শরণখোলায় মায়ের সাথে অভিমানে শিশুর আত্মহত্যা

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় হাবিবা আক্তার তিশা (১০) নামের এক স্কুল ছাত্রী মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছ শনিবার বিকেলে উপজেলার বকুলতলা গ্রামে। তিশা ওই গ্রামের হাবিবুল্লাহর মেয়ে। সে স্থানীয় আইডিয়াল ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির ছাত্রী। তিশার মামা মিজানুর রহমান মাতুব্বর জানান, দুপুরে খাওয়ার পর পড়তে বসা নিয়ে তিশার মা তাকে বকাঝকা করে। বেশ কিছু সময় পার হলেও তিশার কোন সাড়া-শব্দ পাচ্ছিল না তার মা । এরপরে খুঁজতে যেয়ে দেখেন ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে তার মেয়ে। দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।