বিএনপি জনগণের পাশে আছে ভবিষ্যতেও থাকবে : কলারোয়ায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণকালে হাবিব

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে। বর্তমানে আমরা কেউ ভালো নেই। তার পরেও আমরা নানা সীমাবদ্ধতার মাঝে নিজেদের সামর্থ অনুযায়ী ঘরে থাকা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ইতোমধ্যে তালা-কলারোয়ার ১০ থেকে ১২ টি ইউনিয়নে করোনার কারণে ঘরে থাকা ৫ হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বা ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে কোল্ড স্টোরেজ মোড়ে ৬ শতাধিক অসহায় দরিদ্রের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলারোয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখলাছুর রহমান শেলীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, সহ-সভাপতি শেখ ফারুক আহম্মেদ মুকুল, কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্যা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুবদল সভাপতি আব্দুল কাদের বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল।