রামপালে দু জনের করোনা রিপোর্ট পজিটিভ, ৮ বাড়ি লকডাউন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল প্রায় ১ মাস ধরে করোনামুক্ত থাকার পর আবারও ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৮ টি বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে। আক্রন্তরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, উপজেলার শ্রীফলতলা গ্রামের ইকলাস মোলার জামাই শেখ শাওন (২৬) বাগেরহাটের একটি বেসরকারি অফিসে ক্জ করাকালিন সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। শেখ শাওন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দত্তনগর গ্রামের বাসিন্দা। তিনি শ্বশুর বাড়িতে বসবাস করেন। অপরজন আশিক কুমার দাস (৩০) উপজেলার সন্তোষপুর গ্রামে তার শ্বশুর শ্যামল হালদারের বাড়িতে থাকেন। তিনি ও খুলনার একটি অফিসে কাজ করার সুবাদে খুলনায় যাতায়াত করতেন। রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল দুই জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কেউ স্বাস্থ্যবিধি না মেনে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বুধবার পর্যন্ত ১০৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হলে তার মধ্যে ৬৯ টির রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে ৫ জন পজিটিভ শনাক্ত হন।