ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে ভাড়াটিয়ার বিরুদ্ধে তালা ভেঙে দোকান ঘরে ওঠার অভিযোগ করেছেন ঘর মালিক। অভিযোগে জানা যায়, ‘আধুনিক বস্ত্রালয়’ নামের দোকান মালিক আব্দুর রশিদ চুকনগর শহরের ব্যবসায়ী এস এম আলী আজগর বাবুলের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। সর্বশেষ ২০১৫ সালের ১ মে ঘরভাড়া চুক্তিপত্র ৫ বছরের জন্যে নবায়ন করা হয়। যার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের ১ মে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় ৪মাস আগে আব্দুর রশিদ দেনার দায়ে সপরিবারে নিরুদ্দেশ হয়ে যান। সেই থেকে দোকানঘরটি বন্ধ ছিল। এ অবস্থায় তিনি এলাকায় ফিরে এসে পুনরায় ব্যবসা শুরু করার জন্যে ঘর মালিক বাবুলের কাছে ঘর চান। কিন্তু বাবুল তাকে ঘরভাড়া দিতে অস্বীকৃতি জানান। এভাবে কিছুদিন যাওয়ার পর গত ২৭ জুন আব্দুর রমিদ দোকানের তালা ভেঙে দোকানে ওঠেন। এ পরিস্থিতিতে ঘরমালিক বাবুল ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। নির্বাহী অফিসার বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দিয়েছেন।





