‘১০০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে’

0

লোকসমাজ ডেস্ক॥ সংকটাপন্ন দেশগুলোকে সহযোগিতা করা না হলে বিশ্বের ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি বলেছে, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে প্রয়োজন আর্থিক ও মানবিক সহায়তা। ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব ঠেকাতে আফগানিস্তান ও সিরিয়ার মতো বিপন্ন দেশগুলোতে জরুরি ভিত্তিতে অনুদান প্রয়োজন। স্বল্প সময়ের মধ্যে অনুদান প্রয়োজন উল্লেখ করে আইআরসি বলেছে, ‘বিপুল সাড়ার জন্য স্বল্প সময়ই অবশিষ্ট আছে।’
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে দুই লাখের বেশি আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইমপেরিয়াল কলেজ লন্ডনের মডেল ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আইআরসি জানিয়েছে, বিশ্বে ৫০ লাখ থেকে ১০০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। এছাড়া সহিংসতা কবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে ৩০ লাখের বেশি মানুষ। আইআরসির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেছেন, ‘এই সংখ্যাগুলো জেগে ওঠার আহ্বান হওয়া উচিৎ। এই মহামারির পরিপূর্ণ, বিপর্যয়কর ও নির্বিচার প্রভাব এখনও বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর ওপর পড়েনি। দাতাদের জন্য এখন চাবি হচ্ছে দ্রুত অগ্রগামী প্রচেষ্টা হিসেবে নমনীয় অনুদান।’