লোহাগড়ায় বদর হত্যা মামলার প্রধান আসামি নজরুল আটক

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের চাঞ্চল্যকর লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকারকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল শিকদারকে (৪৮) আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা ইবনেসিনা হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামি নজরুল শিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে নজরুল শিকদারকে লোহাগড়া থানায় আনা হলে জনতা বিক্ষোভ প্রদর্শন করে। আটক নজরুল শিকদারসহ সকল আসামির ফাঁসির দাবিতে সকাল ১০ টায় থানা গেটের সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও চেয়ারম্যান বদর খন্দকারের পরিবার। এসময় আসামিদের বিরুদ্ধে তারা নানা শ্লোগান দেন। সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিবিধ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার প্রতিপক্ষের সাথে বদর খন্দকারের বিরোধ চলছিল। গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে চেয়ারম্যান বদর খন্দকার নিজ ইটভাটা থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তিনি চরবকজুড়ি গ্রামের খন্দকার ময়ের আলীর ছেলে। এ ঘটনায় নিহত বদর খন্দকারের স্ত্রী নাজনীন বেগম লোহাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল শিকদার, লোহাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদ শেখ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল আজাদ সুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন।