চৌগাছার আ.লীগ ক্যাডার শামীম গুলিভর্তি পিস্তল, ইয়াবাসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চৌগাছার আওয়ামী লীগের ক্যাডার দেড় ডজন মামলার আসামি শামীম রেজাকে (৩৫) গুলিভর্তি বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে যশোর-চৌগাছা সড়কের বাগডাঙ্গার একটি ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। শামীম রেজা চৌগাছা উপজেলার মনমথপুর মাঝেরপাড়ার মো. আওরঙ্গজেব চুন্নুর ছেলে।
পুলিশ জানায়, কোতয়ালি থানা পুলিশের এসআই জিয়াউর রহমান গোপন সূত্রে খবর পান বাগডাঙ্গার জনৈক শহিদুল ইসলামের ইটভাটার সামনে একজন সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ খবর পেয়ে রাত ১১ টার দিকে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম শামীম রেজা। বাড়ি চৌগাছার মনমথপুর মাঝেরপাড়ায়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আটক শামীম রেজাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, শামীম রেজা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চৌগাছা থানায় ১৮টি মামলা রয়েছে।