জাতীয় স্কুল ক্রিকেট জয় দিয়ে শুভ সূচনা যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্বের উদ্বোধনী খেলায় জয় দিয়ে শুভ সূচনা করেছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।

শুক্রবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউশনকে (উপশহর) ১৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে। কয়েক দিন আগের বৃষ্টির কারণে মাঠ কিছুটা ভেজা থাকায় নির্ধারিত সময়ের অনেক দেরিতে খেলা শুরু হয়। যে কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলা ২২ ওভারে কমিয়ে আনা হয়।

খেলায় টস জিতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে নির্ধারিত ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে আরিফুজ্জামান ৬৫, রিয়াদ ৬৩ এবং আশফাকুজ্জামান ৩৪ রান করেন। বল হাতে বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউশনের ইব্রাহিম তুসান ২ টি এবং মাজিদ ও তাজ ১ টি করে উইকেট লাভ করেন।

জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউশন প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ১১ ওভার ১ বলে মাত্র ৪৬ রানে অলআউট হয়। দলের পক্ষে ব্যাট হাতে ইব্রাহিম তুসান সর্বোচ্চ ১২ রান সংগ্রহ করেন। বল হাতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সালমান ৩টি, আরিফুজ্জামান ও ইমন ২ টি করে এবং জিহাদ ও মুহিব ১ টি করে উইকেট লাভ করেন।

খেলা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ।