সেতু ভেঙে পড়ে আছে ৯ মাস, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল

যানবাহন চলাচল বন্ধ

0
ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর এলাকায় ৪৫ বছরের পুরানো একটি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ৯ মাস আগে সেতুটি ধসে পড়লেও সেটি মেরামত বা তৈরি করা সম্ভব হয়নি।

এলাকাবাসী সাময়িকভাবে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করলেও তা নিয়ে তাতে যেমন সমস্যার সমাধান হচ্ছে না, তেমনি চলাচলেও রয়ে যাচ্ছে ঝুঁকি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের একমাত্র ব্যবহারযোগ্য ও সংযোগস্থাপনকারী সড়ক ‘বিষয়খালী জিসি-নগরবাথান জিসি ভায়া ডেফলবাড়ী’ সড়কটি আনুমানিক ৪৫ বছর আগে তৈরি হয়।

সড়কের ভবানীপুর-ডেফলবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের’ খালের ওপর এলজিইডি একটি ব্রিজ নির্মাণ করে। কিন্তু কয়েকমাস আগে তা ভেঙে পড়েছে।

একই রকম কথা বলেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনি জানান, ২০২৫ সালে অতি বৃষ্টিপাতের ফলে পানির তোড়ে সেতুটি ভেঙে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেতুটি গত ৯ মাসেও নির্মাণ বা সংস্কার করা হয়নি। ফলে বেড়েছে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আর পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ব্রিজের পাটাতন ভেঙে খালের মাঝখানে পড়ে আছে। ভেঙে যাওয়া ব্রিজের জায়গায় বসানো হয়েছে বাঁশের সাঁকো। এরই মধ্যে বাঁশের সাঁকোও নড়বড়ে হয়ে পড়েছে। ফলে বন্ধ হয়ে গেছে অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল চলাচল।

স্থানীয় বাসিন্দা রাহাত হোসেন জানান, ৯ মাস আগে ব্রিজ ভেঙে গেছে। আমরা বারবার বিভিন্ন অফিসে জানিয়েছি। তারপরও কোনো সমাধান পাইনি। কবে ব্রিজ হবে কেউ বলতে পারে না। ব্রিজ ভেঙে যাওয়ায় এই সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্কুল শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, আমরা নিয়মিত এই ব্রিজ পার হয়ে স্কুলে যেতাম। গত বছর ব্রিজটি ভেঙে যাওয়ার পরে সাঁকো বানানো হয়। এখন সাঁকোটিও ভেঙে যাওয়ার উপক্রম। নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে বাইসাইকেল নিয়ে পার হওয়ার সময় ভয় লাগে। এই সাঁকো ভেঙে গেলে আমাদের স্কুলে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

ট্রাক চালক আলফাজ আলী বলেন, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করার পরে আমরা এই ব্রিজটি ব্যবহার করে মহারাজপুর ইউনিয়নের বাজারগুলোতে যেতে পারতাম। ব্রিজ ভেঙে যাওয়ার পরে এই সড়কে চলাচল করা বন্ধ হয়ে গেছে। যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের সংযোগস্থাপনকারী ‘বিষয়খালী জিসি সড়ক টু নগরবাথান জিসি সড়ক ভায়া ডেফলবাড়ি’ সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। এই সড়কের ওপর দুটি ব্রিজ ছিল। বিজ্র দুটি অনেক বছরের পুরনো। এর মধ্যে একটি ব্রিজ পুনঃনির্মাণ করা হয়েছে।

যে ব্রিজটি ভেঙে পড়েছে, সেটি পুনঃনির্মাণের জন্য আমরা এরই মধ্যে দুটি পৃথক প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি প্রকল্প অনুমোদন হয়ে যাবে। প্রকল্প অনুমোদন হয়ে গেলেই আমরা ব্রিজের নির্মাণকাজ শুরু করতে পারব।